
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা এক ঘণ্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা ও ঘন কুয়াশায় গাড়ির ধীর গতির কারণে এ যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বাস-পিক আপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতে ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান।
যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা। আটকা পড়ে আছে সবজি ভর্তি ট্রাকগুলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমলে ও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ পশ্চিম সংযোগ সড়কে।
সেতু কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশার কারণে বুধবার দিনগত রাত সাড়ে ৩ তিনটার দিকে এক ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পরে। এর ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়। তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
জিএম/এসএস




