
চট্টগ্রামে পতেঙ্গা আউটার রিং রোডে বিচারকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আলী আকবর ইকবাল ও তার সহযোগী হাসান আলী জিসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমদ আরটিভি নিউজকে বলেন, বিচারকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করে পতেঙ্গা থানা পুলিশ। আদালত শুনানি শেষে দুজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
বুধবার বিকেলে উল্টোপথে গাড়ি চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের ওপর হামলা করেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও তার সহযোগী হাসান আলী জিসান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে বিচারক জহির হোসেনের ড্রাইভার রাজু শেখ বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা করেন ।
জেবি




