
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তিসহ ৬ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ নামে একটি সংগঠন।
আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা এই আঘাতের দাঁতভাঙা জবাব দেবো। আপনারা জানেন প্রতিনিয়ত একটি চক্র মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। আর সেই থেকে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা করা হচ্ছে। মুক্তিযোদ্ধার জমি দখল করা হচ্ছে যা কখনোই আমরা মেনে নেবো না।
মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারী ও উসকানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বঙ্গবন্ধুর অবমাননাকারীদের ও মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা দায়ের করতে হবে, স্বাধীনতাবিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত, রাজনীতি নিষিদ্ধকরণ, তাদের উত্তরসূরিদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে অযোগ্য ঘোষণা করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সকল প্রকার অপপ্রচার বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে, বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, পারিবারিক সুরক্ষা আইন ও তাঁদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং সরকারি সকল চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ ও বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন করতে হবে।
এফএ




