
পরকীয়া সন্দেহে ময়মনসিংহের ভালুকায় পাষণ্ড স্বামীর বিরুদ্ধে এক নারী শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় একটি বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে অ্যাডভান্স গার্মেন্টস নামে একটি ফ্যাক্টরির নারী শ্রমিক হিসেবে কাজ করতো রিক্তা মনি (২৩)। পারিবারিক কলহের জের ধরে তার স্বামী মোতালেব ঘরের চৌকির উপর ফেলে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরের দরজা বাইরে থেকে আটকে পালিয়ে যায়। পরে বাড়ির মালিক থানায় খবর দিলে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত রিক্তা মনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কৃষ্ণরামপুর এলাকার সাহিদ মিয়ার মেয়ে এবং তার স্বামী মোতালেব একই এলাকার আব্দুল কাদিরের ছেলে। নিহতের স্বামী একজন বেকার ও ভবঘুরে প্রকৃতির বলে জানিয়েছে পুলিশ।
তাদের এক প্রতিবেশী জানান, প্রায় ৩ মাস ধরে তারা প্রায়ই ঝগড়াঝাটি করতো। ৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে তানজিনা আক্তার বুবলি নামের দুই বছরের একটি মেয়ে রয়েছে। ঘাতক মোতালেব গ্রামের বাড়িতে কাজকর্ম করলেও এখানে আসার পর কোনো কাজ করতো না।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি হত্যা বলেই মনে হচ্ছে। তবে লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারের মামলার প্রস্তুতি চলছে।
পি




