
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। আর এতোদিন পূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসা প্রকৌশলী আশরাফুল আলমকে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) পদে বদলি করা হয়েছে। এর আগে হাউজ বিল্ডিংয়ের ডিজি ছিলেন প্রকৌশলী শামীম আখতার।
আজ রোববার (১৩ ডিসেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে মোহাম্মদ শামীম আখতারকে পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে গণপূর্ত অধিদপ্তরের চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী আশরাফুল আলমকে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে শামীম আখতারের স্থলাভিষিক্ত করা হয়েছে।
মোহাম্মদ শামীম আখতার রাজশাহী জেলার বাঘা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি লাভ করেন। পরে তিনি আইসিটি বিষয়ে ২০০২ সালে বুয়েট থকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস (পাবলিক ওয়ার্কস) ক্যাডারে ১৫তম (১৯৯৫) ব্যাচের একজন কর্মকর্তা।
শামীম আখতার ১৯৯৮ সালে উপবিভাগীয় প্রকৌশলী, ২০০৮ সালে নির্বাহী প্রকৌশলী, ২০১৬ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ২০১৮ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালের ৮ মে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে যোগ দিয়ে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে, আশরাফুল আলমও বিসিএস ১৫তম ব্যাচের প্রকৌশলী। তার গ্রামের বাড়ি বগুড়ায়। অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০১৯ সালে রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে ছিলেন তিনি।
এফএ




