
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর দুই বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দশ টার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের একটি রান্না ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে রাইসা।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশীর বিরোধ চলছিলো। সোমবার বিকেল ৫ টা থেকে রাইসাকে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের এক প্রতিবেশীর রান্না ঘরের মাচার ওপর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সখিপুর থানা অফিসার ইনচার্জ সাইদুল হক ভূঞা শিশুটির মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্ত ও তদন্ত শেষে শিশুটির মৃত্যু এবং তার প্রকৃত কারণ জানা যাবে। প্রকৃত কারণ জানতে পুলিশি কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।
জিএম/জিএ




