
লক্ষ্মীপুরে মুখোশপরা অজ্ঞাত ডাকাতদলের হামলায় মনির হোসেন নামের এক ব্যবসায়ী গৃহকর্তা নিহত হয়েছে। এ হামলায় তার (নিহতের) স্ত্রী মনিরা বেগম গুরুত্বর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে নিহতের বাসা থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত মনির স্থানীয় মাটির ব্যবসায়ী ও আলী আহমদ বসুর ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মনির স্থানীয় বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। বৃহস্পতিবার ব্যাংক থেকে ২ লাখ টাকা নিয়ে ঘরে রাখেন তিনি। রাতে ১০-১২ জনের মুখোশ পরা ডাকাত দল তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত, পা মুখ বেঁধে পেলে তারা। ব্যাংক থেকে উঠানো ওই দুই লাখ টাকা তাদের (ডাকাতদের) দিতে বললে তা না দেয়ায় মনির ও তার স্ত্রীকে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে ডাকাতরা। ওই টাকা ও নগদ স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায় তারা। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতিতে সকালে ঢাকায় নেয়ার পথে মনির মারা যায়।
সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জিএ




