
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন সহোদর ভাই। অপরজন নিহতদের চাচাতো বোন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের রাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচাতো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আরটিভি নিউজকে জানান, চর ভাঙ্গুড়া থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে একই পরিবারের চারজন হাটগ্রামের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোভ্যানটি বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের রাঙ্গালিয়া স্থানে পৌঁছলে ফরিদপুর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হন। আহত নূপুর নামের একজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পরপরেই ঘাতক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
জেবি




