
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পিকআপভ্যান-সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দীপঙ্কর পোদ্দার ও ময়মনসিংহ জেলার গফরগাঁও সদরের স্কুলশিক্ষক জুলহাস উদ্দিন।
স্কুলশিক্ষক জুলহাস উদ্দিন বানিয়াচং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আবু হানিফার বাবা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব আরটিভি নিউজকে জানান, আজ শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন আরও চারজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জেবি




