
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে অপহরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে তার নিজ বাড়ি চিৎমরমের মৈইদং পাড়া থেকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা যায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে জানান, অপহরণের খবর জানার পর ঘটনাস্থলে এসআই কাউসারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মৈইদং এলাকায় পৌঁছে। আজ শুক্রবার সকালে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে থানা পুলিশের আরও একটি দল অপহৃত যুবলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে উদ্ধারে ওই এলাকায় তল্লাশি চালায়। কাপ্তাই জোনের সেনাবাহিনীর সদস্যরাও মৈইদং এলাকায় অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধারে চিরুনি অভিযান চালাচ্ছেন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী জানান, পাহাড়ের অস্ত্রধারী জেএসএসের সন্ত্রাসীরা যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অপহরণ করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে জীবিত উদ্ধারের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক আরটিভি নিউজকে জানান, ইতোমধ্যে জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীরা চিৎমরমের এক যুবলীগ নেতাকে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় তারা পাহাড়ে একের পর এক খুন, অপহরণ করে যাচ্ছে।
এদিকে আজ শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে চিৎমরম এলাকায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চিৎমরম বাজার থেকে বের হয়ে চিৎমরম বড়পাড়া, চিৎমরম ইউনিয়ন পরিষদ চত্বর ও চিৎমরম হেডম্যান পাড়া প্রদক্ষিণ করে চিৎমরম বাজারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা, সম্পাদক নুরুল আলম চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, সম্পাদক একরামুল হক, চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন চৌধুরীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে জীবিত মুক্তি দেয়ার আহ্বান জানান। না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা করেন।
জেবি/পি




