
খুলনার ফুলতলা উপজেলায় আত্মসমর্পণকারী চরমপন্থী দলের সদস্য মোল্লা হেমায়েত হোসেন ওরফে লিপুকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেমায়েত হোসেন ওরফে লিপু চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তিনি তাজপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে শটগানের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গেলো বছর পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফুলতলার ৩৫ জন চরমপন্থী দলের সদস্য আত্মসমর্পণ করেন। লিপু তাদের মধ্যে একজন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যায় গরুর হাট এলাকায় আড্ডা দিচ্ছিলেন লিপু। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন আসেন। মোটরসাইকেল আরোহীরা হেমায়েতকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ লিপুকে আশপাশের লোকজন উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, নিহত লিপু চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে; তদন্ত না করে বলা যাবে না। ইতোমধ্যে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে।
জেবি




