
লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি এতিমখানার খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামে আলহাজ মাওলানা আহম্মদ উল্লাহ ছাহেব মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
তবে পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায়, ভোরে প্রতিদিনের মতো মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠে। এসময় খাবার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে মাদরাসার বাইরে অজ্ঞাতনামা মানুষের কথাবার্তাও শোনা যায়। প্রথমে শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষকরা আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই চাল-তরকারি, ফ্রিজ ও আসবাবপত্রসহ খাবার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মাদরাসার নিরাপত্তা দেওয়ালের ওপর দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী সাইফ উদ্দিন, আবদুল মালেকদের সঙ্গে রাস্তা নির্মাণ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাইফ উদ্দিনরা মাদরাসার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করে। এতে বাধা দিলে মাদরাসা পরিচালক মনিরের ওপর একাধিকবার হামলা চালানো হয়। মাদরাসার দুটি গাছ রাস্তা নির্মাণের জন্য সাইফ উদ্দিনরা জোরপূর্বক কেটে ফেলে। এসব ঘটনায় মাদরাসার পরিচালক মনির বাদী হয়ে আদালতে দুটি মামলা করেন।এর মধ্যে একটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) নোয়াখালীকে তদন্ত করতে দিয়েছে আদালত।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ আরটিভি নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জেবি




