
টাঙ্গাইলের গোপালপুরে দু’টি গাঁজা গাছসহ মো. তালেব (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বাবার নাম মতিয়ার রহমান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানা পুলিশ উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের তালেবের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়িতে চাষকৃত দুইটি বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার করা হয়। আটক করা হয় আবু তালেবকে।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আরটিভি নিউজকে বলেন, আটককৃত তালেব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষ করে বিক্রি করতেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেবি




