
জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আজিজুল হক খোকন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত খোকন ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বায়রাপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
আহতরা হলেন- আব্দুল আলীম (৪৬), টোকন হোসেন (৩০), আলম হোসেন (৩০) ও আলাল উদ্দিন(৩৩)। এদের মধ্যে আলীমকে রাতে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান তপন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বায়রাপাড়া গ্রামের আজিজুল হক খোকনের সঙ্গে তার চাচাতো ভাই আব্দুল আলীমের বিরোধ চলছিল। শনিবার বিকেলে জমির সীমানা নির্ধারণ নিয়ে আলীম ও খোকনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে খোকন ও আলীমসহ দুপক্ষের ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার ওসি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতুড়ীর আঘাতে খোকনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত খোকনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসএস




