
সরকার কর্তৃক দেশের ছয়টি সুগার মিল বন্ধের প্রতিবাদে পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারী ও আখচাষিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুগার মিল গেইটে তারা টায়ার মিছিল মিটিং ও জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধসহ মিল চালু রাখার দাবি এবং অবিলম্বে চলতি মৌসুমের আখ মাড়াইয়ের ঘোষণা দেবার আহ্বান জানিয়েছেন মিলের শ্রমিক ও কর্মচারীরা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পাবনা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল সরদার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আব্দুস সালাম, আব্দুল্লাহ আল মাসুম ও কেএম শরিফুল ইসলাম।
বক্তারা আখ মাড়াইয়ের নির্ধারিত দিনে ২৫ ডিসেম্বরে পাবনা সুগার মিলে আখ মাড়াইয়ের ঘোষণা দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
জেবি




