
নরসিংদীর মাধবদী পৌর মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে তার কাছে ব্যবসায়ীদের গচ্ছিত ৮২ লাখ টাকা আত্মসাত ও অস্বীকারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনের সংগঠনটির সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক তার কাছে মাধবদী বাজারের ব্যবসায়ীদের গচ্ছিত ৮২ লাখ টাকা থাকার কথা অস্বীকার করে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে অবৈধ সংগঠন বলে অভিহিত করেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে কটাক্ষ করে বক্তব্য প্রদান করেন যা অনভিপ্রেত ও দুঃখজনক অ্যাসোসিয়েশন ও মাধবদী বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
মেয়রের অর্থ আত্মসাতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, শিবু নাথ ও ভোলা নাথ নামে মাধবদীর দুই ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নগদ ও কাপড় বাবদ প্রায় ১৮ কোটি টাকা দেনা করে দেওলিয়া হয়ে যায়। পরে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনুষ্ঠিত এক বেঠকে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক অভিযুক্ত ব্যবসায়ী শিবু নাথ ও ভোলা নাথের পক্ষে চার কোটি টাকা অ্যাসোসিয়েশনের বরাবর বুঝিয়ে দেয়ার রফাদফা করেন।
এই মর্মে মেয়র মোশাররফ শিবু নাথ ও ভোলা নাথের মজুদে থাকা ৮২ লাখ টাকার কাপড় বিক্রি করেন। কিন্তু কাপড় বিক্রির ৮২ লাখ টাকা প্রপ্তির বিষয়টি অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে শুধুমাত্র অবহিত করে তাদের কাছে জমা না দিয়ে মেয়র মোশাররফ তার কাছেই রেখে দেন। এ ব্যাপারে অ্যসোসিয়েশন কর্তৃপক্ষ দফায় দফায় টাকা বুঝিয়ে দেয়ার জন্য মেয়রকে তাগিদ দিলে তিনি দেই দিচ্ছি বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে পাওনাদার ব্যবসায়ীদের চাপে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে মেয়রকে টাকা পরিশোধের জন্য চিঠি পাঠায়। চিঠির প্রেক্ষিতে মেয়র মোশাররফ ৩০ নভেম্বর ২০২০ তারিখে টাকা পরিশোধ করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
কিন্তু সময়মতো সে টাকা পরিশোধ না করে উল্টো অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে গত ৮ ডিসেম্বর ২০২০ তারিখে জরুরি সভা ডেকে পৌর মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও অ্যাসোসিয়েশনে তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরপরই পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক তার কাছে মাধবদী বাজারের ব্যবসায়দের গচ্ছিত টাকার বিষয়টি অস্বীকার করে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে অবৈধ সংগঠন বলে অভিহিত করেন।
পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে কটাক্ষ করে বক্তব্য প্রদান করেন মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক পৌর মেয়র সফিউদ্দিন মোশাররফ হোসন এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতাত্তোর প্রতিষ্ঠিত মাধবদীর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের আমানতদারি বজায় রেখে তাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে সম্প্র্রতি মেয়র মোশাররফ কর্তৃক টাকা আাত্মসাতের বিষয়টি অ্যাসোসিয়েশনে ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন করে তুলেছে একইসঙ্গে সংগঠনকে অবৈধ ও সংগঠনের সাধারণ সম্পাদককে কটাক্ষের তীব্র নিন্দা জানান।
জেবি




