
বরিশালে জমি নিয়ে বিরোধের জের ধরে মোটর সাইকেলের চাবি দিয়ে এক যুবকের চোখ খুঁচিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ব্যবসায়ী ভুক্তভোগী যুবক সোহাগ খান এ অভিযোগ করেন। এসময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
সোহাগ ও তার পরিবারের সদস্যরা জানান, নগরীর হাটখোলা এলাকায় ৩ শতাংশ জমি নিয়ে তাদের সাথে স্থানীয় আল-আমিন ও তার ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৪ ডিসেম্বর সকালে সোহাগকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় তারা তাকে ব্যাপক মারধর করে এবং হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে তার দুই চোখ খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে। এতে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার দাবি করেন।
এ ঘটনায় ৫ ডিসেম্বর আলা আমিন ও তার ভাইসহ ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ দুই জনকে গ্রেপ্তার করলেও তারা জামিনে বের হয়ে নানা ধরনে হুমকি দিচ্ছে তাই তারা নিরাপত্তা-হীনতায় ভুগছে। এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএম/জিএ




