
সিলেট জেলার সকল পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এরই ধারাবাহিকতায় ধর্মঘটের সঙ্গে একাত্মতা পোষণ করেছে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপ। আজ মঙ্গলবার থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এ ধর্মঘট চলবে। তিনদিন জেলার সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানায় মোটর মালিক গ্রুপ।
জানা যায়, প্রায় এক বছর ধরে সিলেট বিভাগের অধিকাংশ পাথর কোয়ারি বন্ধ রয়েছে। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১২ লাখ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। ২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক রিটের প্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে উচ্চ আদালত। এমন নিষেধাজ্ঞা সত্ত্বেও পাথর উত্তোলনের দাবি জানিয়ে আসছেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা।
এ বিষয়ে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, একাত্মতা পোষণ করে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন সার্ভিসসহ হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আওতাধীন সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।
জেবি




