
বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসকের ভুল অপারেশনে পঙ্গুগুত্ববরণের শঙ্কায় রয়েছেন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। চিকিৎসকের ভুলের বিষয়টি রোগীর কাছে ধরা পড়লে হাসপাতালে ভর্তির কাগজপত্র লুকিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ‘কারও কাছে ভুল চিকিৎসার কথা বলবে না’ শর্তে ওই কাগজ ফেরত দেয়া হয়।
হাসপাতালের সুপারিনটেন্ড ডা. ইসতিয়াক আহম্মেদ জানিয়েছেন, যেভাবেই বলি অপারেশনে ওই চিকিৎসক ভুল করেছেন। এখন রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা ছাড়া আমার আর কিছু বলার নেই।
জানা গেছে, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মানিক ২২ নভেম্বর ইসলামি ব্যাংক হাসপাতালের ডা. এমএস রহমান সুমনকে দেখান। ওইদিন রোগী পরীক্ষা শেষে ডা. এমএস রহমান সুমন জানান তিনি হার্নিয়া রোগে আক্রান্ত। এজন্য তার বাম পাশে অপারেশন করাতে হবে। প্রেসক্রিপশনেও নিজ হাতে ওই চিকিৎসক লিখেন বাম পাশে হার্নিয়া হয়েছে।
রোগী জানান, নভেম্বর মাসে অপারেশনের জন্য অফিসে ছুটি না পেয়ে ডিসেম্বরে অপারেশনের সিদ্ধান্ত নেই। ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর দিন (ডাঃ এমএস রহমান সুমন) আমার অপারেশন করেন। জ্ঞান ফেরার পর হাত দিয়ে দেখতে পাই বাম পাশে অপারেশনের কথা থাকলেও ডান পাশে অপারেশন করেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা আমার কাগজপত্র নিয়ে যান। শেষে শর্তসাপেক্ষে ওই কাগজ ফেরত দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করতেছেন, ভুল চিকিৎসার বিষয়টি কোথাও না জানাই। আমি আইনের আশ্রয় নিতে থানায় গিয়েছিলাম। সেখানে ডা. এমএস রহমান সুমনের দুই ভাই এসে মামলা না করার জন্য অনুরোধ জানালে আমি বাড়ি চলে যাই।
জেবি




