
নড়াইলে নদীতে মাছ ধরার সময় ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে রাধাকান্ত দাস নামে নিখোঁজ জেলের মরদেহ তিন দিন পর পাওয়া গেল।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার কলাগাছী এলাকায় ঘটনাস্থলের পাশে নবগঙ্গা নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহ বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। তা থেকে ধারণা করা হচ্ছে ট্রলারের প্রপেলারে আঘাত প্রাপ্ত হয়ে ডুবে গিয়ে রাধাকান্তর মৃতু হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে হতদরিদ্র রাধাকান্ত দাসের স্বজনরা পরিবার একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
রাধাকান্ত ও তার ভাই, ভাইপোসহ গেলো শনিবার রাতে বাড়ির পাশে নদীতে মাছ ধরছিলেন। রাত ১১টার দিকে একটি বালুবাহী ট্রলার তাদের ডিঙ্গি নৌকাটিকে ধাক্কা দিলে তারা নদীতে পড়ে যান। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে রাধাকান্তর দুই সঙ্গীকে আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন রাধাকান্ত। সেই থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দুই দিন তাকে উদ্ধারে নদী জুড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়।
জেবি




