
নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ডট্রাক্টরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুলতানা আক্তার নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও ইদ্রিস মিয়া নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনায় সালেহা আক্তার নামের আরও এক নারী আহত হয়েছেন।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ১১ নম্বর পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি থেকে বের হন। তাদের বহনকারী রিকশাটি রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ডট্রাক্টরের রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হন গৃহবধূর মা সালেহা আক্তার।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ডট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আহত সালেহাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস




