
আজও সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটে ধর্মঘট পালন করছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত সিলেট থেকে কোনও ধরনের দূরপাল্লার বাস দেশের কোথায় ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে সব ধরনের ট্রাক।
আজ সকাল থেকে শ্রমিকরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। আগামীকাল ভোর ছয়টায় তাদের ৭২ ঘণ্টার এ কর্মসূচি শেষ হবে। অন্যদিকে চরম ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ।
এদিকে দীর্ঘ ৪৮ ঘণ্টা ধর্মঘটের পর অবশেষে আজ থেকে স্বাভাবিকভাবে সিএনজিচালিত অটোরিকশা চালনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল রাতে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সাথে বৈঠকে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সংগঠনের নেতারা এ সিদ্ধান্ত নেয়।
সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ট্রাফিক বিভাগ সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিলে তারা চলমান ধর্মঘট থেকে সরে এসেছেন। যার ফলে গত ৩ দিন থেকে চলমান পরিবহণ ধর্মঘটের কবল থেকে কিছুটা মুক্ত হয়েছেন সিলেটবাসী।
এর আগে ৬ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত ২১ ডিসেম্বর সোমবার থেকে সিলেটে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করে।
জিএম/এসএস




