
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এবং ভূঞাপুর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের অন্নদা কান্ত শীল শর্মার ছেলে অভিলাষ শীল শর্মা (৩০) ও ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে রনি (৮)।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত অভিলাষ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের অন্নদা কান্ত শীল শর্মার ছেলে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান আরটিভি নিউজকে বলেন, অভিলাষ মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্বরে পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক পলাতক রয়েছেন বলে তিনি জানান।
অপরদিকে দুপুর একটার দিকে ভূঞাপুর পৌরসভার গণেশের মোড় এলাকায় ট্রাকের চাপায় রনি নামে এক শিশু নিহত হয়েছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, রনি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় মাটিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
জেবি




