
চট্টগ্রামের আনোয়ারা থানার কালাবিবির দিঘির মোড়ে অভিযান চালিয়ে এক লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ বিবিএ কলেজপড়ুয়া ছাত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহর পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।
তিনি বলেন, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসার পথ বাশখাঁলী–চট্টগ্রাম সড়কের আনোয়ারা থানার কালাবিবির দিঘীর মোড়ে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে দুইটি মোটরসাইকেল আরোহীদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আনোয়ারা থানা পুলিশের একটি দল ধাওয়া ধরে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ব্যাক প্যাকে তল্লাশি করে ১৪টি ইটসদৃশ খাগি কাগজে মোড়ানো প্যাকের মধ্যে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
তিনজনের মধ্যে মাহমুদুল হক বিবিএ ও জাহেদ হোসাইন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষিকাজ করেন। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফের এলাকায় ।
পুলিশ সুপার রশিদুল হক এ সময় বলেন, চলতি বছর চট্টগ্রাম জেলায় সাড়ে ১৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যা গত বছরের তুলনায় চার পাঁচগুন বেশি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বহনকারী হিসেবে ইয়াবা নিয়ে আসছিলেন।
পুলিশ সুপার বলেন, তারা টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিল। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতো বলে আমাদের জানিয়েছে। তারা কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিলো তা খুঁজে বের করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি




