
টিসিবি ডিলারশিপ এনে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় ধামরাইয়ের আমতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন খানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় ধামরাই পৌর এলাকার মুন্নু কমিউনিটি সেন্টার চত্বর থেকে তাকে আটক করে পুলিশ। রাতে ধামরাই থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ভাড়ারিয়া এলাকার মো. মোরছালিন।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। মহসিন খান ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি ডিলারশিপ ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, টিসিবি ডিলারশিপ এনে দেওয়ার কথা বলে মোরছালিনের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় মহসিন। কিন্তু ডিলারশিপ না দিয়ে অনেক দিন ধরে নানা তালবাহানা করে আসছিলেন তিনি। টাকা নেওয়ার পর মোরছালিনকে যেসব রশিদ দিয়েছিল ওই মন্ত্রণালয়ে গিয়ে তার কোনও সত্যতাও খুঁজে পাইনি তিনি। পরে তার কাছে টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে তিনি হুমকি দেন। উপায় না দেখে পরে থানায় এসে মামলা দায়ের করে মোরছালিন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আরটিভি নিউজকে জানান, আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন খানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চেয়ারম্যান মহসিন খানকে গ্রেপ্তারের পর তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
জেবি




