
আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে টাঙ্গাইলের মির্জাপুরের সড়কে ফেলে চলে যায়। তবে এ ঘটনায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আশুলিয়াযর বাড়ইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীর নাম রিপন হাওলাদার (৪৫)। প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম পরিক্ষিত বালা (৩০)। তিনি স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই ব্যবসায়ী তার দোকানের জন্য মালামাল ক্রয়ের উদ্দেশে ঢাকার তাঁতীবাজার যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে তার গতিরোধ করে। পরে গাড়ি থেকে দুই থেকে তিনজন ব্যক্তি নেমে ডিবি পরিচয় দিয়ে গাড়িতে উঠতে বললে পরীক্ষিত রাজি না হওয়ায় ধস্তাধস্তি হয় তাদের মধ্যে।
এ সময় স্থানীয়রা রিপনকে আটক করে গণধোলাই দিলে বাকিরা পালিয়ে যায়। তবে স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিতকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে মির্জাপুরে সড়কে ফেলে যায় ওই ব্যবসায়ীকে। এদিকে খবর পেয়ে পুলিশ রিপনকে আটক করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী পরিক্ষিতের দাবি তার ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের চেষ্টা চলছে।
জেবি




