
রাজধানীর আজিমপুরে পলাশী স্টাফ কোয়ার্টার থেকে রুমানা ইয়াছমিন (৩০) নামে এক নারী আনসার কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএস ক্যাডার। বর্তমানে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল শুক্রবার (২৫ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালবাগ পলাশী সরকারী স্টাফ কোয়ার্টার থেকে তার উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মৃত রুমানা গাজিপুর শফিপুরে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন।
তিনি আরও জানান, রাতে স্বজনরা রুমানাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীকে ফোনে জানান। ওই সহকর্মী বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে অন্যদের সহায়তায় দরজা ভেঙে রুমানাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুমানার গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার লোহাজল গ্রামে। বাবার নাম নুরনবী।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন।
কেএফ




