
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুইজনসহ তিনজনই নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের লাল মিঞার ছেলে সামাদ (২৪) ও তার ভাই সবুজ (১৬)। এছাড়া একই এলাকার ইউসুফ আলীর ছেলে আব্দুর রশিদ (২০) মারা যান।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম আরটিভি নিউজকে জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে সামাদ, সবুজ ও রশিদ নিজ বাড়ি ভূঞাপুর উপজেলার কাগমারিপাড়া থেকে এলেঙ্গা যাচ্ছিলেন।
তাদের মোটরসাইকেলটি সিংগুরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যায়। আহত হয় সবুজ ও রশিদ। পরে চিকিৎসাধীন অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে সবুজের মৃত্যু হয়।
জেবি




