
যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে তিনদিনের ব্যবধানে ফের লন্ডন থেকে ১৬৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এদের মধ্যে ১৪৪ জনই সিলেটের।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) ফ্লাইটটি ১২টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, সোয়া ১২টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ওসমানী বিমান বন্দর ছাড়ে উড়োজাহাজটি।
এর আগে নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাসের প্রকোপের মধ্যে গেল ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ বিমানের এইটি ফ্লাইট ২০২ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যে ফ্লাইটের ১৬৫ জন যাত্রীই ছিলেন সিলেটের।
এদিকে নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও সে ধরণের কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
জিএম/এসএস




