
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচাল এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ওই গৃহবধূর স্বামী রাখালিয়াচালা এলাকার মৃত মধু মিয়ার ছেলে মুক্তার মিয়াকে (৩৭) আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তার মিয়া দীর্ঘদিন আগে মানিকগঞ্জ থেকে উপজেলার রাখালিয়াচালা এলাকায় সরকারি জমি ক্রয় করে সেখানে বাড়ি ঘর করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছে। তিনি পেশায় একজন ট্রাক চালক। এছাড়া তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবেও পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
মুক্তার মিয়া বিভিন্ন সময় তার স্ত্রী লাভলী আক্তারকে (২৬) যৌতুকের দাবীতে মারপিট করতেন। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হলে স্ত্রীকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত মুক্তার মিয়ার দাবী, গেল কয়েক দিন আগে আমার ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নিয়ে যায় তার স্ত্রী। আজ সকালে আমার বাড়ির পাশে এসে ফোন করলে তার সঙ্গে দেখা করি এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির (ওসি) মনিরুজ্জামান জানান, স্বামী স্ত্রীর বিষয় একটু মারামারি হতেই পারে। তবে স্ত্রী যদি অভিযোগ করে তাহলে অভিযোগ নেব। ওই ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
জিএম/এসএস




