
মলমূত্র মাখা অবস্থায় জোবেদা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে কুড়িয়ে পাওয়া যায় গেছে। গেলো শনিবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলা কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে তীব্র শীতে জবুথবু হয়ে পড়ে থাকা অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
তিনি কথা বলতে পারছিলেন না। তার চুলে ছিলো দীর্ঘদিনের জমানো ময়লায় জট পাকানো। এ অবস্থায় বৃদ্ধাটিকে দেখে কাঁঠালিয়া মানবসেবা সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক আল-আমিন বাড়ি নিয়ে যান।
আল-আমিন বাড়িতে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃদ্ধার মলমূত্র শোধন ও পরিচর্যা এবং স্বাস্থ্যসেবা দিয়ে নিজের কুঁড়েঘরে আশ্রয় দেন। এমন মানবিক কাজের কথা শুনে অনেকে দেখতে আসেন বৃদ্ধাটিকে। বৃদ্ধার সঙ্গে কথা বলতে চাইলে তিনি অনেক কিছু বলতে চেষ্টা করেন কিন্তু কথার উচ্চারণ স্পষ্ট না হওয়ায় বৃদ্ধার কথা বুঝা যায় না।
তিনি বাড়ি ফিরে যেতে হাউমাউ করে কাঁদতে থাকে। পরে আল-আমিন তার সংগঠন ও স্থানীয় সাংবাদিকদের অবগত করেন। খবর পেয়ে মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহীন ও কাঁঠালিয়া মানবসেবা সংগঠনের সভাপতি সাংবাদিক ছিদ্দিকুর রহমান ইমন সহ-সংগঠনের কয়েকজন কর্মী আল-আমিনের বাড়িতে বৃদ্ধাকে দেখতে যান। ওই সময় বৃদ্ধার সঙ্গে কথা বলার চেষ্টা করে, ধারণা করা গেছে গ্রামের বাড়ি কুমিল্লায়, স্বামী আব্দুল আজম, ছেলের আকাব্বর আলী, পরিবারে এক ছেলে ও তিন কন্যা সন্তান আছে।
পরে সোমবার সকালে সংগঠনের কর্মীরা বৃদ্ধা জোবেদা বেগমকে চিকিৎসা দিতে আড়াইহাজার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবেদা বেগমকে ঢাকায় মানসিক হাসপাতালে ভর্তি করার জন্য চিকিৎসাপত্র লিখে দেন।
চিকিৎসক আরিফ আরটিভি নিউজকে জানান, বৃদ্ধাটিকে প্রাথমিক ভাবে ওষুধ লিখে দেয়া হয়েছে। তবে তার শরীরে উচ্চ রক্তচাপের মাত্রা ১৯০/১০০ ও মানসিক ভারসাম্য হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।
এ খবর শুনে হাসপাতালে দেখতে যান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সাংকেতিক খবর উপস্থাপক আরিফুল ইসলাম, তিনি জানান বৃদ্ধাটি কথা বলতে না পাড়ায় আমি কাঁঠালিয়া মানবসেবা সংগঠনের সভাপতির ফোন পেয়ে ইশারা ভাষায় কথা বলতে চেয়েছি। কিন্তু তিনি শ্রবণ প্রতিবন্ধী নন, উন্নত চিকিৎসা পেলে কথাবার্তা স্বাভাবিক হয়ে উঠবে।
এদিকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে কুড়িয়ে পাওয়া গেছে বিষয়টি মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানকে অবগত করা হয়। পরে মাধবদী থানার উপ-পরির্দশক আব্দুর রাজ্জাক বৃদ্ধার খোঁজ-খবর নেয়ার জন্য আল-আমিনের বাড়িতে আসেন। এ সময় উপ-পরির্দশক আব্দুর রাজ্জাক বলেন, বৃদ্ধাটিকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য সবাই চেষ্টা করছেন। আমরাও পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছি।
কাঁঠালিয়া মানবসেবা সংগঠনের কর্মীরা বৃদ্ধাটিকে বাড়ি পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধাটির ছবিসহ পোস্ট দিয়েছেন। বৃদ্ধটিকে বাড়ি পৌঁছে দিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা কামনা করছেন।
জেবি




