
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর গ্রামে খালের সেতুর ওপর দিয়ে ক্রস করে নেয়া ড্রেজারের পাইপটি অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
এছাড়া ওই ইউনিয়নের কয়েকটি সড়কের ওপর দিয়ে নেয়া আরও চারটি পাইপ ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। গেলো ২৭ ডিসেম্বর ‘কেউ কথা বলে না ওদের বিরুদ্ধে’ শিরোনামে আরটিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।
সড়ক ও সেতুর ওপর দিয়ে থাকা ড্রেজারের অপসারণে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোহারের নয়াবাড়ির বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
তিনি জানান, নয়াবাড়ির ২০টি স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় এবং পাঁচটি স্পটে রাস্তার ওপর দিয়ে নেয়া অবৈধ পাইপ অপসারণ করা হয়।
দোহারের অংশে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করলে বা জনগণের চলাচলের ব্যাঘাত ঘটিয়ে বালু ব্যবসা করলে উপজেলা প্রশাসন কঠোর হাতে তা দমন করবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
প্রসঙ্গত, নয়াবাড়ি ইউনিয়নজুড়ে চলছে ওই ইউনিয়নের ইউপি সদস্য আরব আলীসহ কয়েকজনের বালু ব্যবসার দাপট। সড়কের ওপর পাইপগুলো এক থেকে দেড় ফুট উঁচু করে বসানো হয়েছে। পদ্মা নদীর দিকে তাকালে শুধু ড্রেজার আর পাইপ চোখে পড়বে। অভিযুক্তরা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান প্রধান সড়ক ও অলিগলির ওপর, নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নে। কোথাও কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত করে পাইপ ঢোকানো হয়েছে।
জেবি




