
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মার্কেটগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সঙ্গে কোনো আপস নয়। এই অভিযান চলমান থাকবে। উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, দখলদারদের বিরুদ্ধে বলে জানান ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তাপস।
অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে জানিয়ে দিয়েছে মেয়র বলেন, কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই আপস করব না।
মেয়র তাপস বলেন, ‘আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তি কেন্দ্রিক না। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা ওই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের বিষয় নয়।’
নকশা অবৈধ দোকান উচ্ছেদে গত ৮ ডিসেম্বর থেকে রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। সংস্থাটি জানিয়েছে, নকশা অনুযায়ী এই মার্কেটে দুই হাজার ২৮৪টি দোকান থাকার কথা। কিন্তু গত কয়েক দশকে সেখানে নকশা বহির্ভূত ভাবে ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছে।
এফএ




