
চট্টগ্রামে দোহাজারী–কক্সবাজার রেললাইন প্রকল্পের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকায় অনুমতির বাইরে দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ এএন্ড কন্সট্রাকশন লিমিটেডকে, সাব ঠিকাদার মেসার্স হাসান ইন্টারন্যাশনালসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার বিকেলে নগরের খুলশির পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
তিনি বলেন, তমা কনস্ট্রাকশনকে ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল। তমা গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠান তার বাইরে গিয়ে ১৬ টি পাহাড়ের দুই কোটি ২২ লাখ ঘনফুটের বেশি মাটি কাটে। এ ধরনের অভিযোগ পেয়ে গেলো নভেম্বরে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। নির্ধারিত সময়ে আজ ৩০ ডিসেম্বর তমা গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী মহাব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মো. জাকারিয়া। শুনানি শেষে এ জরিমানা করা হয়। এছাড়া তিনি আরও বলেন, রেলওয়ে প্রকল্প পরিচালক তিন মাস পর পর পরিবেশ অধিদপ্তরকে অগ্রগতির তথ্য জানানোর কথা থাকলেও তারা তা জানায়নি। ফলে বাংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালকসহ তমা গ্রুপ ও মেসার্স হাসান ইন্টার ন্যাশনালকে এ জরিমানা করা হয়। দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড।
জেবি




