
সরকারি খাস জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অপরাধে আতাউর রহমান পলিন (৪০) নামে এক ব্যক্তিকে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এই জরিমানার ঘটনা ঘটে। অভিযুক্ত পলিন হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
জানা যায়, মুজিববর্ষের গৃহহীনদের ঘর নির্মাণের জন্য জাহাজমারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে একটি সরকারি খাস জমি নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন সম্প্রতি জায়গাটি নির্ধারণ করে কাগজপত্র ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠিয়েছে। দুই থেকে একদিনের মধ্যে ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
এই সংবাদ পেয়ে পলিন রাতের আঁধারে ওই জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। মাটি কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ও জাহাজমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পলিনকে মাটি কাটার যন্ত্রসহ ঘটনাস্থল থেকে আটক করে। পরে নির্বাহী মেজিস্ট্রেট মাজহারুল ইসলাম তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের জেল দেয়। এছাড়া আরও এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের জেল দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন আরটিভি নিউজকে বলেন, সরকারি খাস জায়গাটা মুজিববর্ষের গৃহহীনদের ঘর নির্মাণের জন্য নির্ধারিত ছিল। এখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়া অনেক বড় অপরাধ।
জেবি




