
এখনও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়নি সদ্য অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভার নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের। এরই মধ্যে নিজ অর্থায়নে কাজ শুরু করে দিয়েছেন ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা।
তিনি ভোটের আগে কথা দিয়েছিলেন ভোটে বিজয়ী হলে সরকারের অনুদানের আশায় বসে না থেকে নিজ অর্থায়নে কাজ শুরু করবেন এলাকার যেকোনো সমস্যা সমাধানে। যেই কথা সেই কাজ। প্রথমেই এলাকার ড্রেনেজ সমস্যা সমাধানে গেলো তিন দিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছেন তিনি। তার ১৬ নম্বর ওয়ার্ডের সিংপাড়া-রথখোলা এলাকার নষ্ট থাকা ড্রেনেজ সমস্যা দূরীকরণে কাজ করছেন। এছাড়া অসহায় তিনশত নারীদের দক্ষতা উন্নয়নে সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এরই মধ্যে। যা শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে।
এলাকার রবি নামে এক ব্যক্তি বলেন, বিধান সাহা ভোটের আগেই কথা দিয়ে ছিলেন সরকারি টাকার জন্য বসে না থেকে এলাকার যেকোনো সমস্যা সমাধানে তিনি কাজ শুরু করবেন নিজ অর্থায়নে। তার ভোটের আগে দেয়া সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন সেটা আমরা দেখতে পেলাম। তিনি বলেন এর আগে আমরা দেখেছি ভোটের আগে প্রার্থীরা অনেক কথা বলে কিন্তু সেই কথা রাখে না। বিধান সাহার ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ করছি।
এ বিষয়ে কাউন্সিলর বিধান সাহা বলেন, বিগত বেশ কয়েক বছর যাবত এলাকা ও তার আশেপাশে হাজারও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। ভোটে কাউন্সিলর হিসেবে বিজয়ী হওয়ায় ওয়ার্ডবাসীর জন্য আরও কাজ করতে চাই। তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচনে বিজয়ী করেছেন এখন আমার লক্ষ্য ১৬ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দেওয়া। তিনি বলেন, আমি ভোটের আগে যে কথা দিয়েছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করব।
জেবি




