
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর গ্রামে প্রেমিকের বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার পাঁচ বাড়িয়া এলাকার কুলা বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো.পারভোজ হোসেন (২২) একই উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জুবিখালী গ্রামের কাজাগো বাড়ির আবদুর রহিমের ছেলে। আহতরা হলেন, জাহেদ (২৪), জিহাদ (২৮), নানিক (২৫), জুয়েল (২৪), রিয়াদ (৩০), ফরহাদ (২৫) ও আজাদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় নিহত পারভেজের বন্ধু সুজন তার প্রেমিকার মোবাইল ফোনের কল পেয়ে তার বাড়িতে যান। সেখানে প্রেমিকার বাবা শাহ আলম ও এলাকার লোকজন সন্ধ্যা ৭টায় তাকে আটক করে। এরপর মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টা পর্যন্ত তাকে আটকে রেখে ১০ লাখ টাকা দাবি করেন প্রেমিকার ভাই ও বাবা। যদি টাকা না দিলে তাদের মেয়েকে বিয়ে করতে হবে বলে জানান তারা।
সংবাদ পেয়ে আটক সুজনের ভাই ও স্থানীয়রা সোমবার (২২ মার্চ) রাতেই প্রেমিকার বাড়িতে যায় তাকে ছাড়িয়ে আনতে। তবে সেখানে গিয়ে তারা ব্যর্থ হন।
পরবর্তীতে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় সুজনের ভাই, স্থানীয়রা, বন্ধুরা একত্রিত হয়ে পুনরায় প্রেমিকার বাড়িতে গেলে প্রেমিকার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় আটক সুজনের বন্ধু পারভেজ গুরুতর আহত হন। তারপরে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কারুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবককে প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বন্ধুর মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।
জিএম




