
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার ছাত্রদের বিক্ষোভে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বভাবিক রাখতে শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য রয়েছেন।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও কাউতলি এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও হামলা চালান বিক্ষোভকারীরা। এসময় পুলিশ শর্টগানের গুলি ছুড়লে আশিক (২০) নামে এক যুবক আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আশিক জেলা সদরের দাতিয়ারা এলাকার সাগর মিয়ার ছেলে। এ বিক্ষোভের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ২নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) নূরে আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে নূরে আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকের চাহিদার প্রেক্ষিতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস কবির।
এফএ




