
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত কিশোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত রফিকুল ইসলাম (১৬) নগরের পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকার একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করত।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, প্রায় সপ্তাহ-খানেক আগে একটি মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একদল কিশোরের সঙ্গে রফিকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় রফিকুলকে হত্যার হুমকি দেয়া হয়। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইয়াসিনের নেতৃত্বে একদল কিশোর পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকার সুলতান কলোনিতে এসে রফিকুলকে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় রফিকুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় রফিকুলের মা ইয়াসিনসহ ৪ জনকে আসামি করে রাতেই পাঁচলাইশ থানায় মামলা করেছে। পরে অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
জিএম




