
রাজশাহীর বাঘা উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুন) রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে এক যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত মামুন হোসেন (২০) বাঘা উপজেলার পাকুড়িয়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, দশম শ্রেণির ওই স্কুলছাত্রী পাশের গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় ওই ছাত্রীকে রাস্তায় একা পেয়ে মামুন হোসেন তাকে প্রেমের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হওয়ায় অকথ্য ভাষায় কথা বলে। এ সময় বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রীর মা মামুন হোসেনের পরিবারকে অবগত করেন। এর পরেও কোনো ব্যবস্থা না নেয়ায় বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন তিনি। তবে এর আগেও রাস্তায় অকথ্য ভাষায় কথাবার্তা এবং ৬ জুন ছাত্রীর বাড়িতে এসে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে।
জিএম/পি




