
বিষখালী নদীর ভাঙনে ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের একাংশ ও একটি মসজিদ বিলিন হয়ে গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে ভাঙনের ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে নেয়ামত উল্লাহ হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সাইক্লোন সেল্টারের সঙ্গে নদীতে তলিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ গত ২৪ ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্তানকে না পেয়ে স্কুলছাত্রের স্বজনরা নদী পাড়ে কান্নায় ভেঙে পরেন। প্রশাসনের কাছে প্রিয় সন্তানের লাশ উদ্ধার করে দিতে দাবি জানিয়েছে মা-বাবা। বিষখালী নদীতে নিমজ্জিত সাইক্লোন সেল্টারের রড ও কংক্রিট থাকার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ডুবুরি দল।
ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা জানান, পশ্চিম দেউরী এলাকা দীর্ঘদিন ধরে বিষখালী নদীতে ভাঙছে। হুমকির মুখে ছিল সাইক্লোন সেল্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, বসতঘর ও ফসলি জমি। বেজমেন্টে মাটি সরে যাওয়ায় সাইক্লোন সেল্টারটি শুধু পিলারের ওপর দাঁড়িয়েছিল। গত দুদিন ধরে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই এলাকায় আকস্মিকভাবে নদী ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে নদীর তীরের সাইক্লোন সেল্টার কাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষ নিয়ে একাংশ ভেঙে বিলিন হয়। ভবনের বাকি অংশ যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে। একই সময় একটি মসজিদ নদীগর্ভে চলে যায়। ভাঙনের কারণে ফাটল ধরেছে বিদ্যালয়ের পুরনো ভবনে। এতে বিদ্যালয়টির প্রায় তিনশ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরবে। অন্যদিকে ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোনো স্থান থাকবে না।
এদিকে ভাঙনের ছবি তুলতে গিয়ে নেয়ামত উল্লাহ হাওলাদার নামে স্থনীয় আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সে পশ্চিম দেউরী গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিখোঁজ যুবকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন আরটিভি নিউজকে জানান, পশ্চিম দেউরী এলাকায় নদীর আকস্মিক ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে এ এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ চলছে।
১০ বছর পূর্বে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বিষখালী নদীর তীরে এ সাইক্লোন সেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে আরটিভি নিউজকে বলেছেন, পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নদীর ভাঙনে পড়ছে। এটি রক্ষার জন্য ব্যবস্থা নেয়া হবে।
এসআর/




