
এক বিধবা নারীর (৪৫) মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই বিধবা নারী ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর গ্রামে তার শ্বশুর বাড়ি বসবাস করেন। জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। বিষয়টি জানাজানি হলে মেরাজুলের পরিবারে কলহ শুরু হয়। এর জের ধরে গত ২২ জুলাই ওই নারীকে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার বেড়তলা গ্রামে তার বাবার বাড়ি ডেকে আনেন। পরে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে নির্যাতন করে মাথার চুল কেটে দেন। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (২৬ আগস্ট) ফেসবুকে ভাইরাল হয়।
সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন আরটিভি নিউজকে জানান, ঘটনাটি জানতে পেরে পুলিশ তানজিনার বোন রাশিদাকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসআর/




