
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আলমগীর মীরবহর (৩৬) নামে এক যুবক রাতে নিখোঁজ হয়। পরে ভোরে স্থানীয় বাজারে বোমা ও গুলিবিদ্ধ ক্ষত-বিক্ষত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
রোববার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের আন্দারমানিক বাজারের পাকা সড়ক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর মীরবহর রাজনগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মালতকান্দি গ্রামের মৃত দলিল উদ্দিন মীরবহরের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আলমগীর মীরবহর রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মহিষখোলা বাজারে যায়। রাত নয়টার দিকে আলমগীরের সঙ্গে তার বড় ভাই জাহাঙ্গীরের দেখা হয়। জাহাঙ্গীর বলে আলমগীর বাড়িতে চল। তখন আলমগীর বলে তুমি যাও আমি আসতেছি। এর কিছুক্ষণ পর আলমগীর নিখোঁজ হয়। রাতে পরিবার আত্মীয় স্বজন খোঁজ করলেও তাকে পায়নি। পরে ভোর ৫টার দিকে রাজনগর ইউনিয়নের আন্দারমানিক বাজারের পাকা সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কান্না জরিত কন্ঠে নিহত আলমগীরের বোন সুফরিন বেগম আরটিভি নিউজকে বলেন, আমার ভাইকে রাতে পরিকল্পিতভাবে নিয়ে বোমা মেরে ও গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দেয়া হোক।
অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এসএম মিজানুর রহমান আরটিভি নিউজকে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। ওই যুবককে অজ্ঞাত ব্যক্তিরা বোমা মেরে ও গুলি করে হত্যা করে। আমরা ঘটনাস্থল থেকে তিনটি শটগানের গুলির খোসা, একটি তাজাগুলি, পয়েন্ট টুটু বোর পিস্তলের গুলির খোসা একটি, দুটি তাজা বোমাসহ বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের পাঠিয়েছি। এ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এসজে/




