
রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন পীরগাছা রংপুর নামের, ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন শামসুল আরেফীন।
স্ট্যাটাসে তিনি লিখেন, উপজেলা নির্বাহী অফিসার পীরগাছার দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন আরটিভি নিউজকে জানিয়েছেন, সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে পীরগাছা সদর, পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যনসহ একাধিক ব্যক্তির কাছে এমন ফোন এসেছে বলে তারা আমাকে জানিয়েছেন। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যানের কাছে প্রকল্পের জন্য ডিসি অফিসে টাকা দেয়ার কথা বলে চাঁদা দাবি করা হয়।
তবে পীরগাছা সদর ইউপি চেয়ারম্যানের ফোন কলের কথা অস্পষ্ট ছিল। তিন মাস আগেও চেয়ারম্যানদের কাছে একইভাবে টাকা চাওয়া হয়েছিল। আসলে এসব ফোন কল আমার নয়। এ ঘটনায় আমি বিব্রত। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমআই




