
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি কাটিয়ে সচল হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সেইসঙ্গে বন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজের আমদানি। বাংলাদেশে সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের পরই বেড়েছে পেঁয়াজের আমদানি। কমতে শুরু করেছে দাম। প্রতি কেজিতে কমেছে ৪ থেকে ৫ টাকা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া যায়।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা আরটিভি নিউজকে জানিয়েছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে তারা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছেন। এই আমদানিকৃত পেঁয়াজ নিয়ে তারা খুব বিপাকে রয়েছে। কারণ ক্রেতা নেই। পাইকারও তেমনটা আসছে না।
অন্যদিকে অতিরিক্ত গরমে নষ্ট হচ্ছে পেঁয়াজ। এ অবস্থায় কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমনকি পূজার ছুটির আগে যে পেঁয়াজগুলো আমদানি করা হয়েছিল, সেগুলো এখনও মজুত আছেই। আবার নতুন করে পেঁয়াজ আমদানি করে তারা ক্ষতির মুখে পড়েছেন।
হিলি স্থলবন্দরের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ টাকা থেকে ৩৫ টাকায়। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি কাস্টমসের তথ্যমতে, হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহের দুই কর্মদিবসে ভারতীয় ৩০ ট্রাকে ৮২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এমআই/টিআই




