
রাজধানীতে শ্রমভবনের সামনে টানা আটদিন ধরে একটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। নিজেদের দাবি আদায়ে একবেলা খেয়ে পথে ঘুমিয়ে পড়ছেন শ্রমিকরা। তবে আজও সমস্যার সমাধান হয়নি।
নিজেদের দাবি আদায়ে স্টাইল ক্রাফট গার্মেন্টস শ্রমিকরা টানা আটদিন ধরে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাড়া পাননি। তবে শ্রম মন্ত্রণালয় বলছে, সমস্যা সমাধানে শ্রমিকদের আজকে (মঙ্গলবার) কিছু টাকা দেওয়ার চিন্তা করছে।
শ্রমিক সংগঠনের দাবি, কারখানাটির ৪ হাজার ৩০০ শ্রমিক প্রায় ৮০ কোটি টাকা পাবেন মালিকপক্ষের কাছে। বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান না পেয়ে শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) তাদের কর্মসূচি আটদিনে হয়েছে।
শ্রমভবনের সামনে নিচতলা ও দোতলায় অবস্থান নিয়েছেন কয়েকশ’ নারী শ্রমিক। গত আট দিন ধরে ভবনের পাশের রাস্তায়, ফুটপাতে ও আশেপাশের ভবনে থাকছেন তারা। রাতে কেউ না কেউ গণখাবার রান্নার ব্যবস্থা করলে পেটভরে খান, না হলে শুকনো কিছু।
শ্রমভবনের অল্প কয়েকটি টয়লেট ব্যবহার করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। আট দিন ধরে সেখানে আছেন অন্তঃসত্ত্বা শ্রমিকও। কেউ কোনো আশ্বাস দেয়নি।
হতাশা প্রকাশ করে এক শ্রমিক বলেন, গত ঈদের আগ থেকে গার্মেন্টসে বেতন পাই না। ঈদের পরে হাতে চার-পাঁচ হাজার কইরা টাকা ধরিয়ে বিদায়।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বার বার কথা দিয়ে কথা না রাখার ফলে শ্রমিকরা বাধ্য হয়েছেন অবস্থান নিতে। শ্রমিকদের চার মাসের আর স্টাফদের ৯ মাসের বেতন বাকি। কাজ করেছেন, এই টাকা পাওয়া তাদের অধিকার।
শ্রমিকদের টানা আট দিন অবস্থান নেওয়ার বিষয়ে শ্রমসচিব এহছানে এলাহী বলেন, সমস্যা সমাধানে আজকে শ্রমিকদের কিছু টাকা দেওয়া হবে।
এফএ/টিআই




