
মাদারীপুরের ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সবুজ কাজীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ডাসার উপজেলার পূর্ব কমলাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ডাসার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজীর সমর্থকরা পশ্চিম কমলাপুর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি পূর্ব কমলাপুর বাজারের কাছে আসলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজের ১২ জন কর্মী-সমর্থক আহত হয়। পরে এ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রতিপক্ষ নৌকার প্রার্থী রেজাউল করিম শিকদারের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর লোকজনের।
এ বিষয়ে অভিযুক্ত নৌকার প্রার্থীকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। এদিকে ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
আহতরা জানান, পূর্বপ্রস্তুতি নিয়ে মিছিলে এই হামলা চালানো হয়। অধিকাংশের হাতে ছিল নৌকা বৈঠা ও দেশীয় অস্ত্র। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি দোষীদের বিচার দাবি করছি।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার আরটিভি নিউজকে বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুরের ডাসার থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ রহমান আরটিভি নিউজকে জানান, আগামী ১১ নভেম্বর ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ডাসারে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আরটিভি নিউজকে জানান, ডাসারে হামলার ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জিএম/টিআই




