
নওগাঁর বদলগাছীতে ধানখেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের রাস্তা থেকে ২০০ মিটার অদূরে নদী তীরবর্তী ধানখেত থেকে ওই গ্রামের ছবি খাতুন (৪০) নামে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দেউলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে খেতে ছবি খাতুনের লাশ দেখতে পান।
সঙ্গে সঙ্গে তিনি সবাইকে বিষয়টি জানান। স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
মৃত ছবি খাতুনের স্বামী বাবলু জানান, আমার স্ত্রীর কাছে ৫৬ হাজার টাকা ছিল। টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের ধারণা, বাবলুর ছেলে সবুজ নেশা করত প্রতিনিয়ত। টাকার জন্য মা-বাবার সঙ্গে এ নিয়ে ঝগড়া ও মারামারি হতো। আর এ টাকার জন্য ছবিকে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, এটা পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাকার জন্যই এ ঘটনা ঘটেছ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে। সন্দেহভাজন ছবির ছেলে সবুজকে আটক করা হয়েছে।
এমএন/টিআই




