
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বালিজুরি রেঞ্জের জুলগাঁও বিটের মালাকোচা এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গত কয়েকদিন থেকে প্রায় অর্ধশতাধিক হাতির একটি দল এ এলাকায় বিচরণ করছে।
বনবিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক রাত তিনটার দিকে হাতিটি গারো পাহাড়ের বালিজুরি রেঞ্জের জুলগাঁও বিটের মালাকোচা এলাকার নেওয়াবাড়ি টিলার কাছে আমির উদ্দিনের আবাদকৃত সবজির বাগানে ডুকে পড়ে। এ সময় ওই বাগান রক্ষায় বাগানের চারদিকে বিদ্যুতায়িত করা জিআই তারে জড়িয়ে বৈদ্যুতিক শকড হয়ে হাতিটি মারা যায়। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫/৩০ হতে পারে। গারো পাহাড়ের বন্যহাতির বিচরণ এলাকায় স্থানীয় লোকজন বনবিভাগের জবরদখলকৃত জমিতে বাড়িঘর নির্মাণ ও ধান এবং সবজির আবাদ করে আসছে। বন বিভাগের নির্দেশনাকে উপেক্ষা করেই এসব লাগানো ফসল রক্ষায় খেত ও বাড়ির চারপাশে জিআই তারের বৈদ্যুতিক প্রাচীর তৈরি করছে। আর এ বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রায়ই হাতির মৃত্যুর ঘটনা ঘটছে। বনবিভাগের পক্ষ থেকে বিদ্যুতায়িত জিআই তারের বেড়া তুলে নেওয়ার জন্য বারবার নিষেধ করার পরও এলাকাবাসী তা মানছেন না বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের।
বালিজুরি সদর বিট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকালে ওই মৃত হাতি উদ্ধার করা হয়েছে। হাতির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পরই হাতির মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।
এ ব্যাপারে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বন বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।
এসএস/এসকে




