
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগ এনে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাতে থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব বাদী হয়ে নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী এস এম সাইফুজ্জামানসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন।
তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউপি নির্বাচনে ফুলবাড়িয়ার আছিম পাটুলি ইউনিয়নের জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে নৌকার প্রার্থী এস এম সাইফুজ্জামানের নেতৃত্বে কয়েকশ’ সমর্থক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার ওপর হামলা চালায়। এ ঘটনার প্রেক্ষিতে সাইফুজ্জামানসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।
মামলা দায়েরের ব্যাপারে জানতে এস এম সাইফুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এমআই/টিআই




